ধ্বংস করি এই অপসংস্কৃতি।
ছোট খাটো একটা চাকরি করি। গত মাসে বড় মেয়েকে বিয়ে দিয়েছি, প্রায় ৬ লক্ষ টাকা খরচ করে। আজ ইফতারি দিয়েছি জামাইয়ের বাড়িতে, প্রায় ১৫,০০০৳ টাকা খরচ করে। একটু আগে মেয়ের ফোন। - বাবা, কেমন আছেন? - হ্যাঁ, মা ভালো। তুই ভালো আছিস ত? - আছি বাবা ভালো। - এইভাবে বলছিস কেনো? তোর শ্বশুররা খুশি হয়েছে তো? - ওরা কিছু বলেনি। ফুফু (জামাইয়ের ফুফু) বলেছে ইফতারি একটু কম হয়েছে। - (তখন আমার চোখের পানি টলটল করছিল) আচ্ছা মা বলিস, পরের বার থেকে আরো বাড়িয়ে দিবো। - বাবা শুনো। তুমি আমাদের বাড়িতে ঈদে কাপড় দিবে না? - হ্যাঁ মা, দিবো। কেনো? - তুমি কাপড় দিওনা। খালা (জামাইয়ের খালা) বলেছে, কাপড় দিলে সবার পছন্দ হবে না। কাপড় না দিয়ে টাকা দিয়ে দিতে। ৩০,০০০৳ টাকা দিলে, সবার নাকি হয়ে যাবে। - আচ্ছা মা। তুই চিন্তা করিস না। আমি এখনও বেঁচে আছি। (আমার বুঝতে দেরী হলো না, এতক্ষণে মেয়ের চোখের অনেক জল গড়িয়ে পড়েছে।) - আচ্ছা বাবা, এখন রাখি। - আচ্ছা মা, ভালো থাকিস। রাতে ছোট ছেলে নামাজ থেকে আসলো। - বাবা, তুমি আছো? - হ্যাঁ, আছি। কিছু বলবি? হ্যাঁ, ঈদের পর ২য় সপ্তাহে সেমিস্টার ফাইনাল। বেতন, ফর্ম ফিলাপ ও অন্যান্য সহ ২৫ হাজার টাকা লাগবে। ...